সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির আহ্বায়ক জাকারিয়া সিকদার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ মার্চ ২০২৬ | ৯:০০ অপরাহ্ন


বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা সমিতি চট্টগ্রাম জেলার ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম নগরের হোটেল জামান হলরুমে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার সব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমিতির বিদায়ী সভাপতি ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ মতামত তুলে ধরেন। বিদায়ী কমিটির মেয়াদ শেষ হওয়া এবং কয়েকজন নেতা অবসরে যাওয়ায় নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে সভায় একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তে উপনীত হন সবাই। পরে সর্বসম্মতিক্রমে নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটিতে চট্টগ্রাম জেলার আহ্বায়ক মনোনীত হয়েছেন ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া সিকদার এবং সদস্যসচিব নির্বাচিত হয়েছেন পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুল দে। শিগগিরই এই নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু করবে বলে সভায় জানানো হয়।

অরাজনৈতিক এই সংগঠনটি ইউপি সচিবদের ১০ম গ্রেড প্রদান, চাকরি স্থায়ীকরণ এবং মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। নিজেদের দাবি আদায়ে তাঁরা এর আগে সংবাদ সম্মেলন, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেছেন। প্রশাসনিক কর্মকর্তাদের অধিকার নিশ্চিত করা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এই কমিটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ছাড়া সংগঠনটি সমিতির স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও সোচ্চার ভূমিকা পালন করে থাকে।

নতুন দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া সিকদার বলেন, সবার আস্থা ও দায়িত্বের মর্যাদা দিতে তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। মোহাম্মদ জাকারিয়া সিকদার আরও মনে করেন, সবাই যদি নিজেদের ভালো কাজ দিয়ে মানুষের সেবায় ব্রতী হন, তাহলে দেশকে এগিয়ে নেওয়া সবার পক্ষেই সম্ভব। সরকারের কর্মকর্তা হিসেবে এই দায়বদ্ধতা সবার রয়েছে বলে তিনি উল্লেখ করেন।