
নিরাপদ বিদেশযাত্রায় স্বপ্নভঙ্গ ঠেকাতে দালাল ও প্রতারক চক্রের ফাঁদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে নিরাপদ অভিবাসন বিষয়ক এক মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় এই আহ্বান জানানো হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সার্বিক সহায়তায়, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও সুফলভোগী জনগোষ্ঠীকে সচেতন করতে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএমইটির উপপরিচালক ও চকরিয়ার সাবেক ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের চেয়ারপারসন শীপা হাফিজা, বিএমইটির উপপরিচালক জোহরা মনসুর, সহকারী পরিচালক জান্নাতুল ফিরদাউস রূপা, দ্য এশিয়া ফাউন্ডেশনের কমিউনিকেশন অফিসার ফারদিন রহমান, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী এবং চকরিয়া প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এ এম ওমর আলী।
মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বিদেশে যাওয়ার আগেই প্রতিটি ব্যক্তিকে সচেতন হতে হবে; তা না হলে সামান্য ভুল সিদ্ধান্তের কারণে প্রবাসী ও তাঁর পরিবারে সারা জীবনের জন্য বিপর্যয় নেমে আসতে পারে। বৈধভাবে না গিয়ে অন্য কোনো উপায়ে বিদেশ গেলে চরম ঝুঁকি থাকে উল্লেখ করে সৈয়দ শামসুল তাবরীজ আরও বলেন, প্রতারণা ও ঝুঁকি এড়াতে সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই বিদেশগমন করতে হবে। কোনো সাব-এজেন্ট বা আত্মীয়ের মাধ্যমে বিদেশে যেতে চাইলেও বিএমইটি থেকে ভিসা এবং অন্যান্য কাগজপত্র যাচাই করে নেওয়া অত্যন্ত প্রয়োজন।
সম্ভাব্য বিপদ ও ঝুঁকি এড়াতে প্রত্যেক নাগরিককে প্রতারক ও দালাল চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন সৈয়দ শামসুল তাবরীজ। তিনি জানান, বর্তমান সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে। সৈয়দ শামসুল তাবরীজ আরও বলেন, একজন মানুষ বুকভরা স্বপ্ন নিয়ে বিদেশে যান। অবৈধভাবে বিদেশগমন করে কারও স্বপ্ন যেন থেমে না যায়, সে জন্য রূপায়ন দেব, শীপা হাফিজা, জোহরা মনসুর, জান্নাতুল ফিরদাউস রূপা, ফারদিন রহমান, পারভেজ সিদ্দিকী, লিটন কান্তি চৌধুরী এবং অ্যাডভোকেট এ এম ওমর আলীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।