সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় জমি নিয়ে বিরোধে সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ মার্চ ২০২৬ | ৬:২৩ অপরাহ্ন


জমি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে আহত সিএনজিচালক মাহবুব আলম (৩২) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন। রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের এজাহার মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এজাহার মিয়ার ছেলে মাহবুব আলমের সঙ্গে একই এলাকার সরাফত আলীর পুত্র নুর মোহাম্মদের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ২৬ মার্চ সকাল ১১টার দিকে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সরাফত আলীর ছেলে নুর মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে মাহবুব আলমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। ঘটনার পর স্থানীয় লোকজন আহত মাহবুব আলমকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা মো. রায়হান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে মাহবুব আলমকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মো. রায়হানের দেওয়া তথ্যমতে অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমরুল জানান, ঘটনার দিনই থানায় মামলা রেকর্ড করা হয় এবং মামলার একমাত্র আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আহত মাহবুব আলমের মৃত্যু হওয়ায় মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করে হত্যা মামলা হিসেবে আদালতে পাঠানো হয়েছে। এসআই মো. ইমরুল আরও জানান, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।