সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে ছাত্রদল নেতা নুরুল আলমের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ মার্চ ২০২৬ | ৮:৫০ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নুরুর ৯ম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামমাহালদার পাড়া গ্রামে মরহুমের কবরস্থানের সামনে দক্ষিণ রাউজান বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশুল হক বাবুর সভাপতিত্বে এবং রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফি এবং কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুহাম্মদ হাসেম।

এ ছাড়া স্মরণসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপি নেতা মবিনুল হক, সিরাজ মিয়া মেম্বার, নজরুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মাহাজন এবং রাউজান উপজেলা যুবদল সভাপতি এম শাহাজাহান সাহিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ মার্চ দিবাগত রাতে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে নগরের চন্দনপুরার বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। পরদিন ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড় থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে ৩১ মার্চ চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নুরুল আলম নুরুর জানাজা অনুষ্ঠিত হয় এবং একই দিন রাউজানের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।