
অবশেষে উচ্চ আদালতের নির্দেশে আইনি লড়াইয়ের মাধ্যমে পুনরায় স্বপদে বহাল হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম। সোমবার (৩০ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আফছার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই আদেশে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের একটি মামলার আসামি হিসেবে কক্সবাজারের জেলা প্রশাসন বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছিল। ওই বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল মামলা করেন চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম। সে সময় হাইকোর্ট আপিল শুনানি শেষে তাঁকে স্বপদে বহাল রাখার নির্দেশনা দেন এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা এত দিন সুরাহা হয়নি।
এরই মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর চকরিয়া উপজেলার বিভিন্ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা এলাকায় অনুপস্থিত থাকায় এবং মামলা-মোকদ্দমা সংক্রান্ত জটিলতার কারণে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন না করায় জেলা প্রশাসক কার্যালয় থেকে ভিন্ন ভিন্ন আদেশে ইউপি চেয়ারম্যান শূন্য ইউনিয়ন পরিষদগুলোতে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাকে প্রশাসক এবং কয়েকটি ইউনিয়ন পরিষদে এক নম্বর প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই প্রেক্ষাপটে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল মানিককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অফিস আদেশ দেয় জেলা প্রশাসন।
এই অবস্থায় গত মাসে ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম হাইকোর্টে পুনরায় একই বিষয়ে আবেদন করেন। এ সময় আদালত তাঁর আপিল মামলায় আগে দেওয়া আদেশের ওপর দ্বিতীয়বার সময় মঞ্জুর করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে আবারও আদেশ দেন। আদালতের সেই বিষয়টি জানিয়ে সর্বশেষ গত ৪ মার্চ চেয়ারম্যান পদ ফিরে পেতে পুনরায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. আ. মান্নান এ সংক্রান্ত মতামতসহ প্রতিবেদন দিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারকে নির্দেশনা দেন। এরই আলোকে গত ২৪ মার্চ চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার লিখিত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেন।
মূলত চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার কর্তৃক মতামত প্রতিবেদন দাখিলের পর সোমবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আফছার স্বাক্ষরিত এক অফিস আদেশে এস এম জাহাঙ্গীর আলমকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের অনুমতিসহ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বপদে বহাল হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বলেন, সব সময় সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের প্রতিটি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে তিনি কাজ করবেন। বিএমচরবাসী তাঁকে দুইবার চেয়ারম্যান বানিয়েছে উল্লেখ করে এস এম জাহাঙ্গীর আলম আরও বলেন, তিনি জনগণের সুখ-দুঃখে এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার সার্বিক অগ্রগতি সাধনের মাধ্যমে বিএমচরকে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করবেন বলেও এস এম জাহাঙ্গীর আলম জানান।
প্রসঙ্গতঃ ২০২১ সালের ২৮ নভেম্বর কক্সবাজার জেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলার বিএমচর (ভেওলা মানিকচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম। এর আগে তিনি ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবার বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।