
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড়সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার সময় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্ব পাশে সংরক্ষিত বনাঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় দুটি ট্রাক জব্দ এবং একটি খননযন্ত্র (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয়। একই সঙ্গে মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, পাহাড় কাটার অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩’ অনুযায়ী মধ্য তালবাড়িয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেলকে এই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের আরও জানান, অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় ঘটনাস্থল থেকে দুটি ট্রাক জব্দ ও একটি এক্সকাভেটর বিকল করা হয়েছে।
পাহাড় রক্ষায় ও জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আলাউদ্দিন কাদের নিশ্চিত করেছেন।