সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় চকরিয়ায় স্বাস্থ্যকর্মীদের নিয়ে জরুরি সমন্বয় সভা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ মার্চ ২০২৬ | ১০:০৪ অপরাহ্ন


সারাদেশে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া ভাইরাসজনিত রোগ হাম-মিজেলসের প্রাদুর্ভাব মোকাবিলায় কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জায়নুল আবেদিন।

সভায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে দেশে হাম-মিজেলসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতাল ও মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। রোগটির প্রাদুর্ভাব প্রতিরোধে দ্রুত শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গঠিত মেডিকেল টিমের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও ভ্যাকসিনেটররা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ খালেদ হোসাইন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. ইফতেখারুল ইসলাম মিশুক এবং জেলা সার্ভিলেন্স ও ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইশতিয়াকুর রহমানসহ অন্যান্য চিকিৎসকরা।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জায়নুল আবেদিন জানান, সমন্বয় সভায় হাম-মিজেলস রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয় হিসেবে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ রোগের টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্তদের দ্রুত শনাক্ত ও আইসোলেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি চকরিয়াবাসীর উদ্দেশে বলেন, সময়মতো টিকা গ্রহণই হাম-মিজেলস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এ জন্য অভিভাবক ও স্বজনদের সচেতন হয়ে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডা. জায়নুল আবেদিন।