সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৬ | ৪:৩৬ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আধিপত্য বিস্তার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টা থেকে ১১টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামের কুমারপাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের ধলির গোপাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—জসিম উদ্দিন (৫২), মোহাম্মদ টিপু (৩৫), মোহাম্মদ সাকিব (২৮), মোহাম্মদ আলম (৪০) ও রবিউল ইসলাম (৩০)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন ও মোহাম্মদ সাকিবের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নারী সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে সাকিব ও তার সহযোগীরা এক যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেন। বিষয়টি জসিমকে জানানো হলে তিনি ভুক্তভোগীকে পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে জসিম ফকিরখীল গ্রামের একটি মিষ্টির দোকানে গেলে সেখানে হেনস্তার শিকার হন।

এর জেরে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে জসিমের অনুসারী হারুন, ইদ্রিস, মাঈনুদ্দিন, রিয়াদ ও রাজিবসহ কয়েকজন সমঝোতার মাধ্যমে মোবাইলটি উদ্ধারের জন্য কুমারপাড়ায় যান। সেখানে সাকিব দলবল নিয়ে তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন।

পরে বিষয়টি জসিমকে জানানো হলে তিনি ও টিপুসহ কয়েকজন মিলে তাৎক্ষণিক তাদের উদ্ধারের জন্য কুমারপাড়ায় যান। সেখানে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে জসিম ও সাকিবসহ আরও কয়েকজন আহত হন।

স্থানীয়রা জানান, এরপর জসিম ও টিপুসহ কয়েকজন আহত অবস্থায় অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেকের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের গতিরোধ করেন। এ সময় পুনরায় মারামারির ঘটনা ঘটে এবং দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এতে জসিম ও টিপু গুরুতর আহত হন।

এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। জসিম উদ্দিন একটি ভিডিওবার্তায় এ হামলার পেছনে প্রতিপক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন। অন্যদিকে সাকিবও জসিমকে দায়ী করেছেন। তবে অভিযুক্ত অন্যরা নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, মোবাইল ফোন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।