সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাম মোকাবিলায় রোববার থেকে বিশেষ টিকাদান, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৬ | ৭:০৪ অপরাহ্ন


দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে আগামী দুই দিনের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। রোববার সকাল থেকেই জরুরি এই টিকাদান কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

টিকার মজুত সম্পর্কে মন্ত্রী বলেন, ইউনিসেফ থেকে ইতোমধ্যে দুই কোটি ১৯ লাখ টিকা পাওয়া গেছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।