সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাসান মো. শওকত আলী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৬ | ৭:৩৪ অপরাহ্ন


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি সদ্য বিদায়ী সিএমপি কমিশনার হাসিব আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি লালদীঘির সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় হাসান মো. শওকত আলী উপস্থিত কর্মকর্তাদের ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নেছার উদ্দিন আহম্মেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের আগে তিনি ডিএমপিতে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে কর্মরত ছিলেন।