সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে সবজি ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৬ | ৯:৩৮ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে মো. রবি নামের এক পাইকারি সবজি ব্যবসায়ী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

নিখোঁজ মো. রবি মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি মিরসরাই পৌরবাজারে পাইকারি সবজির ব্যবসা করে থাকেন। এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে এবং রবির ভাই শহীদ মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) প্রতিদিনের মতো সকালে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রবি। দুপুর পর্যন্ত বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে ব্যবসা প্রতিষ্ঠানে দেখেছেন। তবে সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যরা ব্যবসায়ী রবির ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পান। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শামসুল ইসলামের ছেলে রবির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রবির ভাই শহীদ জানান, রবি নিয়মিত ব্যবসায়িক কাজে বাইরে যেতেন, তবে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শহীদ আরও জানান, তারা খুবই দুশ্চিন্তায় আছেন এবং কোথাও তাকে খুঁজে পাচ্ছেন না। তাই প্রশাসনের কাছে দ্রুত রবিকে খুঁজে বের করার জন্য অনুরোধ জানিয়েছেন শহীদ।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। নিখোঁজ ব্যবসায়ী রবিকে খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও ফরিদা ইয়াসমিন উল্লেখ করেন।