
কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি অভিযানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা এবং ইয়াবা সেবনের দায়ে মোহাম্মদ মিনার নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকাল ও সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এবং চকরিয়া পৌরসভার মৌলভীরকুম বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির মনির হোসেন জানান, খুচরা তেলের দোকানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পেয়ে বুধবার বিকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। এ সময় সরকারি লাইসেন্স ছাড়া ও অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে দুই দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, দিনের অপর একটি অভিযানে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় ইয়াবা সেবনের অপরাধে মোহাম্মদ মিনার নামের এক ব্যক্তিকে অপরাধ স্বীকার করার সাপেক্ষে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মিনারকে বুধবার রাতেই চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।