সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জ্বালানি সাশ্রয়ে অফিসের নতুন সময়সূচি, সন্ধ্যা ৬টায় বন্ধ হবে দোকানপাট

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০২৬ | ১:১৪ পূর্বাহ্ন


বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চালু রয়েছে। এছাড়া দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, রাত পৌনে ৯টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় রাত পৌনে ১১টায়। পরবর্তীতে সেখানে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে, বৃহস্পতিবার সকালেই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। তবে সরকারের নতুন সিদ্ধান্তে এই সময় আরও এগিয়ে আনা হয়েছে। অবশ্য উভয় ক্ষেত্রেই হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে এই সময়সীমার আওতাবহির্ভূত রাখা হয়েছে।