
কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিসংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল ও সবুজ রঙের দুটি ড্রোন উড়তে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা, সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যেই মিয়ানমারের দিক থেকে এই ড্রোনগুলো ওড়ানো হয়ে থাকতে পারে।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে জেটির পূর্ব দিকে আকাশে দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে এবং সীমান্তে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমাদের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা অত্যন্ত জরুরি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আকাশে ড্রোন দুটি উড়তে দেখে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে বিষয়টি প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। অনেকেই আশঙ্কা করছেন, ড্রোনগুলো মিয়ানমারের দিক থেকে আসা এবং সেগুলো আরাকান আর্মির নজরদারির কাজে ব্যবহৃত হতে পারে।
সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ড্রোন কার্যক্রমকে বাংলাদেশের আকাশসীমা ও সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে মনে করছেন স্থানীয়রা। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করার জোর দাবি জানিয়েছেন তাঁরা।