সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় হামের ‘ঝুঁকি নেই’, উপসর্গ দেখলে হাসপাতালে নেওয়ার পরামর্শ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৬ | ৫:৪৪ অপরাহ্ন


সারা দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ায় ১৮টি জেলার ৩০টি উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হলেও সেই তালিকায় চট্টগ্রাম জেলা বা পটিয়া উপজেলার নাম নেই। গত দুই সপ্তাহে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহভাজন সাতজনের নমুনা পরীক্ষায় তিনজনের ফলাফল নেগেটিভ এসেছে। শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বাড়লেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের পটিয়া উপজেলা আপাতত ঝুঁকিমুক্ত রয়েছে।

বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহভাজন দুজন হাম রোগী ভর্তি রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের পর থেকে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত সাতজন রোগীকে হাম সন্দেহে ভর্তি করা হয়েছে। বর্তমানে দুজন চিকিৎসাধীন। হাসপাতালের তৃতীয় তলায় একটি আলাদা কক্ষে হামের রোগী হিসেবে তাঁদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুজন শিশু বিশেষজ্ঞ সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন। এখন পর্যন্ত সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের ফলাফল পাওয়া গেছে, যা নেগেটিভ এসেছে। বাকি চারজনের ফলাফল এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব বাড়লেও পটিয়ায় এখন পর্যন্ত সেই তুলনায় রোগী বাড়েনি। সরকারি নির্দেশনার আলোকে হাম সম্পর্কে সচেতনতা বাড়াতে উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও মাঠপর্যায়ের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন। এ ছাড়া সন্দেহভাজন হাম রোগীদের জন্য হাসপাতালের তৃতীয় তলায় বিশেষ একটি ‘হাম কর্নার’ তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে হামের পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। সন্দেহভাজন রোগী এলে তাঁদের যথাযথ চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে প্রস্তুত। শিশুদের শরীরে হামের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।