
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বদলি করা হয়েছে। এই বদলির খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়।
বদলির বিষয়টি জানাজানি হওয়ার পরপরই ফেসবুকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই বিদায়ী ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি তাঁর বিদায়ে স্বস্তি প্রকাশ করেছেন।

দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, চট্টগ্রাম-১৫ আসনের ভোট চুরির মাস্টারমাইন্ড লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের বদলি, জনগণের স্বস্তির নিশ্বাস। শাহ আলম চৌধুরী নামের এক ব্যক্তি লিখেছেন, লোহাগাড়া উপজেলার ভোট চুরির এক নম্বর কারিগর বিদায় হয়েছে, মহান আল্লাহর দরবারে শুকরিয়া। গণমাধ্যমকর্মী এম হোসাইন মেহেদী লিখেছেন, লোহাগাড়ার পাহাড়, টিলা ও মাটিখেকোদের অভিভাবকের বিদায়!
একইভাবে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফাত হোসাইন লিখেছেন, আলহামদুলিল্লাহ, ভোট ডাকাত ও মাটিখেকোদের বসের বিদায়। আবদু জব্বার ফিরোজ নামের আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, তাদের আব্বার নাকি বিদায়? কেমনে হবে ক্যাশিয়ারের টোল আদায়? একজন ভাষাবিদের অকালে বিদায়, লোহাগাড়াবাসীকে নয়, লোহাগাড়াকে যে শুভেচ্ছা জানায়।
ইউএনও সাইফুল ইসলামের বদলির পর এখন লোহাগাড়ায় নতুন ইউএনও হিসেবে কে যোগদান করবেন, তা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে।