সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে মাজার সংলগ্ন শতবর্ষী বটগাছে রহস্যময় আগুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৬ | ৫:৫৪ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে একটি জীবন্ত শতবর্ষী বটগাছে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুনের শিখা ও ধোঁয়া দেখতে গাছটির আশপাশে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। অনেকের ধারণা, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে গাছটিতে অগ্নিসংযোগ করেছে। তবে স্থানীয়দের কেউ কেউ এটিকে অলৌকিক ঘটনা বলেও মনে করছেন।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর হযরত বদর পীর (রহ.) মাজার ফটকসংলগ্ন বিশাল আকৃতির ওই বটগাছটিতে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই বটগাছটির ওপরের দিক থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে তাঁরা বালতি ভরে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু গাছটি অনেক উঁচু হওয়ায় এবং আগুন ছড়িয়ে পড়তে থাকায় তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক এই পদক্ষেপের ফলে মাজার বা আশপাশের কোনো স্থাপনার ক্ষতি হয়নি।

মাজার এলাকায় আসা স্থানীয়রা জানান, কীভাবে এই জীবন্ত গাছে আগুন লাগল, তা নিয়ে সবার মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে। আগুনের প্রকৃত সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা খতিয়ে দেখতে তাঁরা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে এই আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি।