
কক্সবাজার সদরের খরুলিয়া বাজার এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিসান ও মো. আরাফাত নামের দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সানি নামের আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রিসান (১৯) ও মো. আরাফাত (২১) কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার বাসিন্দা। আহত মো. সানি (১৯) ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল আরোহী এই তিন বন্ধু একসঙ্গে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন।
দুর্ঘটনার বিষয়ে রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ (পরিদর্শক) মো. নাছির উদ্দিন জানান, দুপুরে খরুলিয়া বাজারের কাছে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রিসান ও মো. আরাফাতকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক মো. নাছির উদ্দিন আরও জানান, আহত মো. সানিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁর অবস্থাও আশঙ্কাজনক। নিহত দুই তরুণের বাড়ি বাংলাবাজার এলাকায় হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পূর্ণাঙ্গ ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।