
স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, বরং এটি জীবন গড়ার একটি আন্দোলন—এমন মন্তব্য করেছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা স্কাউটস সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এখানে শিশু-কিশোররা শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা এবং দেশপ্রেম শেখে। আজকের এই কাব স্কাউটরা আগামী দিনের সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা।”
কাব স্কাউটদের উদ্দেশে এনামুল হক এনাম বলেন, “তোমরা যে ক্যাম্পে অংশগ্রহণ করছ, এটি শুধু বিনোদনের জায়গা নয়; এটি শেখার এক অনন্য ক্ষেত্র। এখানে তোমরা দলগত কাজ, সময়ানুবর্তিতা, সহানুভূতি এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান করার শিক্ষা পাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই শিক্ষাগুলো তোমাদের পথ দেখাবে।”
এ সময় তিনি স্কাউট লিডারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যাঁরা নিজেদের সময়, শ্রম ও মেধা দিয়ে এই প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করছেন, তাঁদের এই অবদান জাতি গঠনে অমূল্য ভূমিকা রাখছে।
বর্তমান সরকার সব সময় তরুণ প্রজন্মের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, স্কাউটিং কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল স্কাউটস সমাবেশ এবং কাব ক্যাম্পে উপস্থিত থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলেও জানান।
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা সম্পাদক ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা এবং সৈয়দ মো. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্কাউটস লিডার বাবু লিটন চৌধুরী, কাব স্কাউটস লিডার আইনুন নুর, উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন, এলটি পীযূষ কুমার দে, সহকারী কমিশনার মোহাম্মদ নাছির উদ্দীন, অশোক চক্রবর্তী, চৈতি চৌধুরী, হারুনুর রশিদ এবং নাছিমুন আরা।