সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রতিবেশীর ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৬ | ৯:৩৯ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসমিন আক্তার (২০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হারবাং কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন আক্তার ওই এলাকার শরীফ উদ্দিনের স্ত্রী। খবর পেয়ে চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, ইয়াসমিন আক্তারের স্বামী শরীফ উদ্দিন চাকরির সুবাদে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় থাকেন। উত্তর হারবাং কাট্টলী এলাকায় তাঁরা একটি বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় ইয়াসমিন আক্তার পাশের আরেক প্রতিবেশীর বাড়িতে নিজের মোবাইল ফোনটি চার্জ দিতে যান। এলাকাবাসীর ধারণা, ওই বাড়ির বারান্দায় থাকা বিদ্যুতের সুইচবোর্ডে প্লাগ লাগানোর সময় বিকট শব্দে বৈদ্যুতিক শর্টসার্কিট হয় এবং এতে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহবধূ ইয়াসমিন। এ সময় ঘটনাস্থলেই এক সন্তানের এই জননী প্রাণ হারান।

প্রতিবেশী মমতাজ আকতার জানান, ইয়াসমিন পাশের বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার রাতে তিনি মমতাজ আকতারের বাড়ির বারান্দায় থাকা বিদ্যুতের সুইচবোর্ডে মোবাইল চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় হঠাৎ একটি বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। মমতাজ আকতার নিজেও ঘরের ভেতর থেকে বের হয়ে দেখেন, গৃহবধূ ইয়াসমিন দরজার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

নিহত ইয়াসমিনের ভাই মোহাম্মদ মনির বলেন, তাঁর বোনের মৃত্যুর বিষয়টি পুরোপুরি দুর্ঘটনাজনিত বলেই তাঁরা ধারণা করছেন। বোনের স্বামী শরীফ উদ্দিন বা আশপাশের কারও সঙ্গে ইয়াসমিনের কোনো ধরনের বিরোধ ছিল না।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির একটি দল। সেখানে উপস্থিত উপপরিদর্শক (এসআই) মাহবুব রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি তাৎক্ষণিকভাবে চকরিয়া থানার ওসি এবং হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানানো হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে শনিবার (৪ এপ্রিল) সকালে নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে আপাতত এ ঘটনায় চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।