
চট্টগ্রামের ফটিকছড়িতে সালিসি বৈঠকে ডেকে নিয়ে নুরুল আবসার (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের বটতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আবসার ওই এলাকার খোন্দকার পাড়া বাগানের টিলা এলাকার নবিদুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি সমাজের উদ্যোগে চুরি ও ডাকাতি প্রতিরোধে একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে নুরুল আবসারসহ কয়েকজনকে উপস্থিত থাকার জন্য ডাকা হয়েছিল।
বৈঠকে উপস্থিত হওয়ার পর হঠাৎ কিছু উত্তেজিত জনতা তাঁদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় নুরুল আবসারকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। আবার কেউ কেউ বলছেন, অত্যাচারী লোকদের বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষায় এটি একটি দারুণ ঘটনা।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ করিম বলেন, এটি খুবই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। ডেকে নিয়ে এভাবে জলজ্যান্ত একজন মানুষকে পিটিয়ে হত্যার মধ্য দিয়ে প্রমাণ হলো, আইনের শাসন দুর্বল হয়ে পড়ায় এ ধরনের হত্যাকাণ্ড অস্বাভাবিক নয়।
মুহাম্মদ এমরান নামের অপর এক যুবক বলেন, অত্যাচারী ও উশৃঙ্খল লোকদের বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষায় এটি একটি দারুণ উদ্যোগ। তবে এতে প্রশাসনের দুর্বল শাসনব্যবস্থাকেই সামনে আনা হলো।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরও বলেন, নিহত নুরুল আবসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে পিটিয়ে হত্যা করার কোনো অধিকার কারও নেই।