
রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম একই এলাকার মৃত মো. সেলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াদ বিন সেলিমের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা ও প্রটোকলের দায়িত্বে থাকা সিএসএফের (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) ভুয়া আইডি কার্ড, একটি হ্যান্ড মেটাল ডিটেক্টর, চার্জারসহ একটি ওয়াকিটকি হ্যান্ডসেট, একটি কালো হাতলযুক্ত সিগন্যাল লাইট, একটি মনিটরিং সেল কার্ড এবং ওয়াকিটকির মতো দেখতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, রিয়াদ বিন সেলিম তাঁর ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারের শীর্ষ ব্যক্তিসহ মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন এবং প্রতারণা চালাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির-বাণিজ্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
পটিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিয়াদ বিন সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। পটিয়া থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।