
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ ফুটবল আসর পটিয়া এবিটস টাইগার ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী ১০ এপ্রিল (শুক্রবার)। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের পৃষ্ঠপোষকতায় এবারের ২৬তম আসরটি অনুষ্ঠিত হবে খলিল-মীর কলেজ মাঠে। এবার চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার ও কুমিল্লাসহ বাইরের কয়েকটি জেলার মোট ১৬টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট আয়োজন নিয়ে এসব তথ্য জানান আয়োজক কমিটির আহ্বায়ক ইদ্রিস চৌধুরী অপু। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম সচিব আজিজুল হক, সদস্য আরিফুর রহমান সুমন, মামুন উদ্দিন জীবন, জাহাঙ্গীর আলম জাবেদ, ইফতেখার সায়েম, মিনহাজ ইসলাম, নাঈম উদ্দিন, শহীদুল আলম, নুর নওশিদ নাওশাদ, আবু সাঈদ হাবিব, ইরফান উদ্দিন বিজয়, রাশেদ, মিজবাহ এবং শাকিলসহ আরও অনেকে। এ ছাড়া অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ এপ্রিল উদ্বোধনী খেলায় লোহাগাড়া ফুটবল দল মুখোমুখি হবে হাটহাজারী ফরহাদাবাদ ফুটবল একাদশের। লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর খেলার সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। সংবর্ধিত অতিথি থাকবেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে প্রতিটি খেলা পরিচালিত হবে এবং এতে বিদেশি খেলোয়াড়রাও অংশ নিতে পারবেন। এটি একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, যা প্রতিবছর আয়োজন করা হয়। এবারের আসরে অংশগ্রহণের জন্য ২৭টি দল আবেদন করেছিল। লটারির মাধ্যমে সেখান থেকে ১৬টি দল বাছাই করা হয়েছে। টুর্নামেন্ট সফল করতে সব দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
অংশগ্রহণকারী দল পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার বোরহান উদ্দিন জানান, এটি দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, যা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। তাঁরা প্রতিবছর এই টুর্নামেন্টে অংশ নেন। এবারও তাঁরা একটি ভালো দল নিয়ে অংশ নিচ্ছেন।