সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে কৃষকদের সেচ সংকট সমাধানে মাঠে কৃষি কর্মকর্তা ও কৃষক দল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৬ | ২:১২ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে পানি সেচে বাধার অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা কৃষক দল ও উপজেলা কৃষি কর্মকর্তা। এ সময় তাঁরা স্থানীয় কৃষকদের নানা অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে তিন ফসলি জমির বোরো ধানখেত পরিদর্শন করা হয় এবং কৃষকদের মাঝে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। পরিদর্শনে যান উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও সদস্যসচিব আবু দাউদ।

পরিদর্শনকালে কৃষকেরা তাঁদের নানা অভিযোগ তুলে ধরেন। তাঁরা জানান, সেচব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি ছড়াগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে সেচ প্রকল্পগুলো কার্যকারিতা হারাচ্ছে। এতে তিন ফসলি জমিতে চাষাবাদ চরমভাবে ব্যাহত হচ্ছে। ছড়া প্রশস্তকরণসহ বিভিন্ন সংকটের কথা তাঁরা সংশ্লিষ্টদের কাছে তুলে ধরেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। তাঁরা এখানকার কৃষকদের কথা মনোযোগসহকারে শুনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নিতে তাঁরা মাঠে নেমেছেন। এর আগে তাঁরা মিঠানালা, সাহেরখালী, মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলেছেন এবং সদস্যসচিব আবু দাউদকে সঙ্গে নিয়ে কৃষকদের কথাগুলো সংসদ সদস্যের কাছে তুলে ধরেছেন। কৃষকদের স্বার্থ রক্ষায় তাঁরা সব সময় পাশে থাকবেন এবং সেচ সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানান তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা মামুন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এ হানিফ মিজি, সদস্য নুরুন্নবী, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জিয়া, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সাহেদ আহসান, সহসভাপতি শাহাদাত হোসেন, দুর্গাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, সহসভাপতি দীন মোহাম্মদ লিটনসহ স্থানীয় বিএনপি, কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।