
সৌদি আরবের মদিনা শহরে বুলডোজার দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ার এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আহমদ হোসেন (৫৮) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আছারতলী গ্রামের বাসিন্দা।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ২টা (সৌদি সময়) এবং সোমবার (৬ এপ্রিল) ভোর ৫টার (বাংলাদেশ সময়) দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মদিনার চানাইয়া এলাকায় কর্মরত অবস্থায় আহমদ হোসেন এই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন।
নিহতের পরিবার ও প্রবাসী সূত্র জানায়, আহমদ হোসেন প্রতিদিনের মতোই রাতের পালায় কর্মস্থলে যান। তিনি সেখানে বুলডোজারচালক হিসেবে কাজ করতেন। কাজ করার একপর্যায়ে তাঁর ব্যবহৃত বুলডোজারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সেটি মেরামতের জন্য নিচে নামলে হঠাৎ বুলডোজারের চাকার নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ মহিউদ্দীন জানান, আহমদ হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রবাসে কর্মস্থলে দুর্ঘটনায় তাঁর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক।