সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় চিংড়ি ঘেরে ‘চাঁদাবাজির হোতা’ মোক্তার হোসেন গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৬ | ৮:০৩ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় চিংড়িজোনের মৎস্য ঘেরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে জড়িত ‘সন্ত্রাসী গ্রুপের অন্যতম হোতা’ মোক্তার হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মৎস্য ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ‘সাদা সোনা’ খ্যাত চিংড়িশিল্পের (চিংড়িজোন) নিরাপত্তা নিশ্চিত করতে থানা-পুলিশ বিশেষ নজরদারি শুরু করেছে।

এরই অংশ হিসেবে রোববার রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার চিংড়ি ঘেরগুলোতে চাঁদাবাজির জেরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে থানা-পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে পুলিশ ধাওয়া করে চাঁদাবাজ চক্রের অন্যতম সদস্য মোক্তার হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার মোক্তার হোসেন চিরিঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার মোজাহের আহম্মদ প্রকাশ বাইগ্যার ছেলে।

ওসি মো. মনির হোসেন আরও বলেন, গ্রেপ্তার মোক্তার হোসেন চিংড়িজোন এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের অন্যতম প্রধান সদস্য। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘেরের প্রকৃত মালিকদের প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া ওই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা চিংড়িজোনের মৎস্য ঘেরে আধিপত্য বিস্তার ও মাছ লুটের সঙ্গেও সরাসরি জড়িত।

চকরিয়া থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, গ্রেপ্তার মোক্তার হোসেনসহ তাঁর সহযোগী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাঁকে আইনি প্রক্রিয়ায় চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।