
চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে জোরপূর্বক পুকুর ভরাটের চেষ্টার অপরাধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়ার নাথপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
দণ্ডিত মো. রুবেল উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকার ৩ নম্বর বাজার সংলগ্ন ফয়েজুর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাথপাড়া এলাকার ওই ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের সত্যতা পায় প্রশাসন। এরপর সেখানে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. রুবেলকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার এই টাকা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।