সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর কভার্ড ভ্যানের চাপায় আরোহী নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৬ | ৫:০৬ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর কভার্ড ভ্যানের চাপায় নাছিবুর রহমান (৪৮) নামের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিবুর রহমান ফরিদপুর জেলার সদর পৌরসভার ওয়ালেস পাড়ার মৃত শফি উদ্দিনের ছেলে। অন্যদিকে আহতদের মধ্যে অপর মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান রয়েছেন। আতিকুর রহমান চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন পদুয়া ফরেস্ট চেক স্টেশনে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে মহাসড়কের ওই স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক আরোহী ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নাছিবুর রহমানের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন মানিক জানান, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন। তবে এ সময় কিছু অসাধু ব্যক্তি সুযোগ নিয়ে নিহত নাছিবুর রহমানের পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। মূলত এ কারণেই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার শোকের মধ্যেই এমন অমানবিক ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।