
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হঠাৎ করেই বড় শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিশাল একটি মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের কাটা পাহাড় সড়ক হয়ে সমাজবিজ্ঞান, নতুন কলা, প্রশাসনিক ভবন ও চাকসু ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এই মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। এটি কেবল একটি গণ্ডি পার হওয়া অনুষ্ঠান নয়, বরং এটি বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক আলোকিত সোপান। যেখানে তাঁরা শিক্ষার অধিকারকে কেন্দ্র করে সমাজের পরিবর্তনে এক জাগরণী শক্তি গড়ে তুলবেন।
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ক্যাম্পাসে তাঁরা সুস্থ, শুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক নতুন ধারা গড়ে তুলতে চান; যেখানে মতের ভিন্নতা থাকলেও বিবেক ও যুক্তির ঐক্য অটুট থাকবে। প্রধানমন্ত্রী ও দেশনেতা তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় যে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত, আধিপত্যবিরোধী এবং সবার আগে বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন, তা আজকের ছাত্রসমাজের জন্য এক অনুপ্রেরণার পথনির্দেশ। এই রাষ্ট্র হবে এক আধুনিক ও উন্নত বিশ্বের মডেল, যা এশিয়া মহাদেশসহ পুরো বিশ্বের কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই নিজেদের অধিকার রক্ষায় শিক্ষার্থীদেরই সবার আগে এগিয়ে আসতে হবে।
সমাবেশের শেষে আব্দুল্লাহ আল নোমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তাঁরা রাজনীতির বাইরের বুদ্ধি, সাহস ও সত্যের পথে হাঁটবেন। তাঁদের প্রতিটি পদক্ষেপ জাতিকে অনুপ্রাণিত করবে এবং তাঁদের শিক্ষার আলো অন্ধকার ছাড়িয়ে সবার অন্তরে পৌঁছাবে।