সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, অর্ধকোটি টাকার বালু জব্দ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৬ | ৭:৩২ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর ও মোল্লার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ সময় তাঁকে সার্বিক সহযোগিতা করেন করেরহাট ভূমি অফিস, জোরারগঞ্জ থানা-পুলিশ ও অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরের ফেনী নদীর মোল্লার ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে স্থাপিত ৫টি শ্যালো মেশিন ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করাসহ অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, এ সময় ফেনী নদী থেকে উত্তোলনকৃত প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।