
চট্টগ্রামের মিরসরাইয়ে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে কলামের রডের ওপর পড়ে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত মাশরুর ওয়াসিফ রায়ান মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা পার্শ্ববর্তী হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল শিশু মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের ওপর পড়ে যায় সে। এতে কলামের রড তার শরীরের ভেতর ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, সন্ধ্যার দিকে শিশু মাশরুর ওয়াসিফ রায়ানকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন জানান, শিশুটির পায়ুপথ হয়ে পেটে রড ঢুকে গেছে। তাৎক্ষণিকভাবে ইসিজি করে তার কোনো হৃৎস্পন্দন পাওয়া যায়নি। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়।
পরে সেখানে নেওয়া হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা. সাফায়েত বলেন, জরুরি বিভাগে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল। তার পায়ুপথ দিয়ে পেটে রড ঢোকার আলামত পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।