
বাংলাদেশ সরকারের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর অনুমোদন পেয়েছে বেসরকারি জাতীয় এনজিও সংস্থা সোশ্যাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অব বাংলাদেশ বা ‘সাদ বাংলাদেশ’-এর (রেজিস্ট্রেশন নং-২৫৮৬) নতুন কার্যনির্বাহী কমিটি।
সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ঢাকার তেজগাঁওস্থ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো থেকে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য গঠিত সাত সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিতে কামনাশীষ দাশ চেয়ারম্যান এবং এনায়েতুর রহিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান স্বরূপ কুমার দত্ত, কোষাধ্যক্ষ সানি বড়ুয়া এবং নির্বাহী সদস্য জিয়াউদ্দিন রিংকু ও কামাল হোসেন তালুকদার।
এর আগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম ২০২৪-২০২৫ সালের বার্ষিক কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম জানান, বৈশ্বিক আর্থিক মন্দা ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির মধ্যেও পরিবেশ ও বনায়ন, শিক্ষা, নিরাপদ জীবিকায়ন, মানবাধিকার এবং শিশু অধিকার বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন খাতে প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষ্যে দাতা সংস্থাগুলোর সঙ্গে প্রাথমিক যোগাযোগ চলছে।
সভায় সভাপতির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান কামনাশীষ দাশ উল্লিখিত প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়নে সংগঠনের সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।