সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ড্রাগ লাইসেন্স না থাকায় অর্থদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০২৬ | ৯:০০ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলের দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী পৌরসভার আলিপুর এলাকার ‘অনিক ফুডস’-এ অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন, মজুত ও বিক্রয়, নিবন্ধন সনদ ছাড়াই মোড়কজাতকরণ এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং বিএসটিআই আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উপজেলার মেডিকেল গেট এলাকার ‘মেসার্স মক্কা মেডিসিন হাউজ’-এ ড্রাগ লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকাসহ ওই দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার এই অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন। শাহেদ আরমান আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।