
চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান মেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। পাশাপাশি প্রায় ২০০ শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক এবং বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কর্মসূচির আলোকে শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ করে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন বৈশ্বিক পর্যায়ে নিজেদের পরিচিত করতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
খোন্দকার মাহমুদুল হাসান আরও বলেন, একটি বিজ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক সৃজনশীলতা বিশেষভাবে ফুটে ওঠে।