সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০২৬ | ৭:১০ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভা এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ আরমান। মোহাম্মদ আরমান রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদিলপুর নাজিমের বাড়ির বাসিন্দা পেয়ার মোহাম্মদের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আরমানের বিরুদ্ধে তিন বছর এক মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদালতের সাজা রয়েছে। এ ছাড়া ওই অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আরমানকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হবে।