
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’-এর আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ প্রোগ্রামে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি বিভাগের উপপরিচালক নাছির উদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা সংগীত ভৌমিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং উপজেলা কৃষক দলের সভাপতি ওসমান গণি।
পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি নাছির উদ্দীন চৌধুরী আধুনিক প্রযুক্তি ও সুষম ব্যবহারের মাধ্যমে কৃষি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানান।