সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে অবৈধ ইটভাটায় অভিযান: স্কেভেটর অকেজো, ট্রাক জব্দ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০২৬ | ১০:০৯ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম জেলার তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাহাড় ও কৃষিজমির টপ সয়েল কাটা এবং জ্বালানি হিসেবে অবৈধভাবে পাহাড়ি গাছ ব্যবহার করার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে লক্ষ্যবস্তু ছিল অবৈধভাবে গড়ে ওঠা ‘এএসসি’ ও ‘জেবিএম’ নামের দুটি ইটভাটা।

অভিযানকালে ইটভাটাগুলোর মাটির জন্য নির্বিচারে পাহাড় ও কৃষিজমির টপ সয়েল কাটা এবং ইট পোড়ানোর জ্বালানি হিসেবে পাহাড়ি গাছ ও কাঠ ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর ও একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।

এনএসআই চট্টগ্রাম জেলার সরাসরি অংশগ্রহণে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের নেতৃত্বে এবং বাঁশখালী থানা-পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন জানান, জব্দকৃত দুটি স্কেভেটরকে চলাচলের অনুপযোগী করে দেওয়া হয়েছে। এগুলোর ব্যাটারি খুলে ফেলা এবং নজেল, লাইট ও গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা ডাম্পার ট্রাকটি বর্তমানে বাঁশখালী উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে বলে সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন নিশ্চিত করেন।

এ ধরনের অবৈধ কার্যক্রম ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন জানিয়েছেন।