সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬ | ২:২২ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কৃষিজমির মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিতে মারাত্মক ক্ষতির বিষয়টি উঠে এসেছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া এলাকায় জাফর আহমেদ কলেজের পাশের ‘এসবিএল’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশবিধি লঙ্ঘন করে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে এসবিএল ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল। এতে একদিকে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে জমির প্রাকৃতিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে।

পরিবেশবিদদের মতে, এভাবে মাটি কাটার ফলে জমির উর্বরতা দ্রুত কমে যায়, পানি ধারণক্ষমতা হ্রাস পায় এবং দীর্ঘমেয়াদে ওই জমি অনাবাদি হয়ে পড়ার বিশাল ঝুঁকি থাকে। পাশাপাশি আশপাশের এলাকায় ভূমিক্ষয়, জলাবদ্ধতা ও ধুলাবালুর কারণে বায়ুদূষণও বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

এসবিএল ইটভাটায় এই অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, কৃষিজমির মাটি কেটে পরিবেশের ক্ষতি করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানিয়েছেন।