
বায়তুশ শরফ দরবারের বর্তমান পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বায়তুশ শরফের মুরিদ ছিলেন। শাহাদাতের দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বায়তুশ শরফে আসার কথা ছিল।
আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর হাইদগাঁও এলাকায় বায়তুশ শরফ দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা মীর মুহাম্মদ আখতার (রহ.), মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার (রহ.) ও মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন (রহ.)-এর স্মরণে আয়োজিত এক বিশাল ইছালে সওয়াব মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী এসব কথা বলেন।
আন্তর্জাতিক স্কলার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, বায়তুশ শরফ দরবার কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না এবং বায়তুশ শরফ দরবারের সঙ্গে কোনো দলের রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তবুও বিভিন্ন সময়ে বায়তুশ শরফ দরবারকে নিয়ে নানা অপবাদ দেওয়া হয়। এসব বিষয়ে জবাব দেওয়ার মতো সময় বায়তুশ শরফ দরবারের নেই বলেও আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী উল্লেখ করেন।
আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, তাঁরা মসজিদ নির্মাণ করলেও এটি মহান আল্লাহর ঘর। মসজিদের প্রকৃত মালিকানা একমাত্র মহান আল্লাহর। বায়তুশ শরফ দরবার সবসময় বিতর্কিত বিষয় পরিহার করে চলে। ইসলামে যেসব বিষয়ে মতপার্থক্য (ইখতেলাফ) রয়েছে, সেসব নিয়ে সময় নষ্ট না করে মানুষকে মসজিদমুখী করার জন্য কাজ করতে হবে বলে আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী জানান।
আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী নামাজ ও জাকাত প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সমাজে জাকাতভিত্তিক সমাজ গঠন অত্যন্ত জরুরি। জাকাত কোনো দয়া নয়, বরং গরিবের ন্যায্য অধিকার। এ ছাড়াও আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী ইসলামের মৌলিক বিভিন্ন বিষয় নিয়ে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত এই ইছালে সওয়াব মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন রশীদ শেঠ, মুসলিম উদ্দীন, মাওলানা শাহাব উদ্দীন, মাওলানা আবদুল আজিজ, ইমরানুল ইসলাম, মাওলানা সরওয়ার হোসাইন রাশেদী, মাওলানা নুরুল আবছার আতিক, মাওলানা মুক্তার হোসাইন, হাফেজ মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা নুরুল হক, মাওলানা আজমল হুদা প্রমুখ। এ ছাড়াও ইছালে সওয়াব মাহফিলে কেন্দ্রীয় আনজুমানে ইত্তেহাদ নেতৃবৃন্দ, আনজুমানে নওজোয়ান কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে উত্তর হাইদগাঁও মসজিদে বায়তুশ শরফের শুভ উদ্বোধন করেন এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।