সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আনোয়ারায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬ | ১০:৪২ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মু. জসিম উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন চত্বর ও টানেল মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বিগত ১৭ বছর ধরে হামলা-মামলার শিকার হওয়া নির্যাতিত নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন খান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরীসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মু. জসিম উদ্দিন গত ১৭ বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ‘নাজ এন্টারপ্রাইজ’ এর স্বত্বাধিকারী এই নেতা কেইপিজেড ও চাইনিজ ইকোনমিক জোনের আওয়ামী লীগপন্থি কর্মকর্তাদের যোগসাজশে এখনও জোরপূর্বক ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন। এসব ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপতৎপরতায় অর্থায়ন করা হচ্ছে।

বিএনপি নেতা ফরিদ উদ্দিন খান মিল্টন, যুবদল নেতা হারেছ আহমদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হায়দার চৌধুরী বলেন, মু. জসিম উদ্দিন চক্রের কারণে বৈরাগ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর শান্তিতে ঘরে ঘুমাতে পারেননি। রাজনৈতিক পটপরিবর্তনের পরও জসিম উদ্দিন এবং তার সহযোগীরা কীভাবে বহাল তবিয়তে ক্ষমতা প্রয়োগ করছেন এবং দাপট দেখিয়ে ব্যবসা হাতিয়ে নিচ্ছেন, তার উৎস খুঁজে বের করতে উপজেলা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। একইসঙ্গে মু. জসিম উদ্দিন ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে বৈরাগ ইউনিয়ন ছাত্রদল ও উপজেলা যুবদল নেতা মু. নুরুল আজিম, বৈরাগ ইউনিয়ন ছাত্রদল নেতা মু. আমিনুল হক, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, ছাত্রদল ও যুবদল নেতা মু. মহিউদ্দিন এবং ছাত্রদল ও যুবদল নেতা ইকবাল হোসেন জুয়েলসহ আনোয়ারা উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিল্পাঞ্চলের কার্যক্রম সুষ্ঠুভাবে সচল থাকুক, সেটাই তারা চান। তবে কোনো ফ্যাসিস্ট, গণহত্যাকারীর দোসর বা দুর্নীতিবাজ ও দখলদার যেন সেখানে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে কেইপিজেড ও চাইনিজ ইকোনমিক জোন কর্তৃপক্ষকে কঠোর নজরদারি রাখতে হবে।

অবস্থান কর্মসূচি শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বৈরাগ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মু. জসিম উদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।