
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলীতে ‘লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স’ এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হিঙ্গুলী বাজারস্থ পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া (কমপ্লেক্স) দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। সমাজকর্মী কামাল উদ্দিন এবং মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় মিরসরাইয়ে প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করে লায়ন্স ক্লাব।
ক্যাম্পেইনে বিনামূল্যে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে মিরসরাইয়ের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় সহস্রাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে আড়াই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, প্রায় তিন শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং আড়াই শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া পরীক্ষা শেষে ১৮০ জনকে চশমা দেওয়া হয় এবং ৫০ জন রোগীকে চোখের অপারেশনের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়।
অপারেশনের জন্য বাছাইকৃত এই রোগীদের আগামী ১৮ এপ্রিল চট্টগ্রাম নগরীর খুলশীতে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে রেফার করা হয়েছে।
চিকিৎসা সেবার এই ক্যাম্পেইনে চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের মেডিকেল টিমের পাশাপাশি উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব চিটাগং অ্যালেক্স এর জোন চেয়ারপারসন (কনসার্ন) লায়ন মো. টিপু সুলতান চৌধুরী এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলম এমজেএফ এবং সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. সাইফুল্লাহ।