
চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, গনকছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন মীর শাহিন এবং আল হেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির ও ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।
এছাড়া আরও বক্তব্য দেন শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি কমিটির আহ্বায়ক মো. নুরুচ্ছাফা, শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা রাশেদা আক্তার, মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শিহাব উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম, জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার এবং এফআইকে প্রপার্টিজের ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদ।
শিক্ষক ফেডারেশনের কর্মকর্তারা জানান, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধার ভিত্তিতে তাদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ২২৫ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।