সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বিটুমিন কারখানা বন্ধ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ এপ্রিল ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট সত্যপীর মাজার গেইট এলাকায় একটি অবৈধ বিটুমিন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) বিকালে পরিচালিত এই অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাৎক্ষণিকভাবে এর যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এবং রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের সদস্যরা এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবৈধভাবে টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদন করা হচ্ছিল। এই অবৈজ্ঞানিক প্রক্রিয়াটি এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থ ও প্রকৃতি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।