
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবদুল জলিল ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্য মেধাকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় প্রশাসনের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ এবং শিক্ষক আবু তাহের।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবদুল জলিল ড্রাইভারের মতো পাষণ্ডকে কঠোর হস্তে দমন করা আজ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পাশবিক নির্যাতনের শিকার হয়ে ১০ বছরের ফুটফুটে শিশুটি আজ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এমন নির্মম ও বর্বর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্য মেধাকচ্ছপিয়া এলাকার মোজাফফর আহমদের ছেলে আবদুল জলিল ড্রাইভার সম্প্রতি ওই শিশুটিকে ধর্ষণ করে। এই মর্মান্তিক ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, থানায় মামলা দায়ের হওয়ার পরও অভিযুক্ত ধর্ষকের পরিবারের সদস্যরা উল্টো ভুক্তভোগী শিশুর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত ধর্ষককে আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।