সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

একুশে পত্রিকায় সংবাদ: বিদ্যুৎ সাশ্রয়ে পটিয়ায় মাঠে নামলেন ইউএনও

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে সন্ধ্যার পর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট, শপিংমল ও বাজার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সন্ধ্যা ৭টার পর খোলা থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অমান্য করে মধ্যরাত পর্যন্ত বৈশাখী মেলার কার্যক্রম পরিচালনার বিষয়ে একুশে পত্রিকা গতকাল শনিবার (১১ এপ্রিল) একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এর পরদিন আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলা প্রশাসন এই তৎপরতা শুরু করে।

এই অভিযানটি পটিয়া উপজেলার পোস্ট অফিস এলাকা, থানার মোড় এবং পটিয়া মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলাকে কেন্দ্র করে পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মেলা কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

উল্লেখ্য, এর আগে পটিয়া মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা রাত পর্যন্ত চলমান থাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ সরকারি নিয়ম ভঙ্গ করলে তাকে জরিমানার আওতায় আনা হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে পটিয়া উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলে  ইউএনও নিশ্চিত করেন।