সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাস্তার পাশে মরণফাঁদ: সাতকানিয়ায় এইচবিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ এপ্রিল ২০২৬ | ৫:৪১ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে মরণফাঁদ তৈরির দায়ে এইচবিএম নামের একটি ইটভাটার মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মাটি কাটার ফলে রাস্তার ভিত্তি দুর্বল হয়ে সাধারণ মানুষের চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল।

সোমবার (১৩ এপ্রিল) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাতকানিয়া কলেজ রোড এলাকার ওই ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযানে গিয়ে দেখা যায়, সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে রাস্তার ভিত্তি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল।

এই অপরাধের কারণে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এইচবিএম ইটভাটার মালিকপক্ষকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরিবেশ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রশাসন কোনো ধরনের ছাড় দিচ্ছে না। অবৈধভাবে মাটি কাটা বা পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান আরও জানান, ইতোমধ্যে মাটি কাটা ও পরিবেশবিরোধী বিভিন্ন অপরাধের কারণে সাতকানিয়ায় ৫০ লাখ টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে এবং বেশ কয়েকজনকে কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকেও পরিবেশ সুরক্ষায় আরও বেশি সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।