সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দুবাইয়ে ঘুমের মধ্যে চকরিয়ার প্রবাসীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০২৬ | ৬:১৭ অপরাহ্ন


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ঘুমের মধ্যে সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘ ১৬ বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন।

গত সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে প্রতিদিনের মতো কাজ শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন সাইফুল ইসলাম। মঙ্গলবার সকালে সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পান। তার এই আকস্মিক মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাইফুল ইসলাম হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার মৃত করিম দাদের ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে তরুণ বয়সেই তিনি দুবাই পাড়ি জমান। সেখানে তিনি পাইপ ফিটিংস ও বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, মাত্র দুই বছর আগে ২০২৪ সালে সাইফুল ইসলাম বিয়ে করেন। তার সংসারে ১৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টায় থাকা এই যুবকের অকাল মৃত্যুতে স্ত্রী ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়দের কাছে সাইফুল ইসলাম অত্যন্ত ভদ্র, নম্র ও সহানুভূতিশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এলাকার যেকোনো প্রয়োজনে তিনি সবার আগে এগিয়ে আসতেন। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ জানান, প্রবাস জীবনে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের স্বপ্ন পূরণে নিবেদিত এক যুবকের এমন করুণ পরিণতি সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি সাইফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাইয়ে বাংলাদেশ দূতাবাস ও সেখানে অবস্থানরত সহকর্মীদের সহযোগিতায় সাইফুল ইসলামের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।