সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে দুই মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০২৬ | ৬:২০ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা মো. ওসমান গণির বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারিয়া মুরাদপুর গ্রামের ইব্রাহীম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক হাবিব মঙ্গলবার বেলা ২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে পেশায় রংমিস্ত্রি মো. ওসমান গণি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা খেতে চান। এ সময় শিশু সাপরিনা জান্নাত মাহিরা তার মা সুমাইয়া আক্তারের কোলেই ছিল। একপর্যায়ে মো. ওসমান গণি স্ত্রীর কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে পরপর দুবার সজোরে মাটিতে আছড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মুসা জানান, ঘটনার পর পরিবারের অন্য সদস্য এবং বাবা মো. ওসমান গণি ও তার ছোট ভাই রোমান মিলে আহত শিশুকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই সুযোগে বাবা মো. ওসমান গণি পালিয়ে যান।

খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে নিহত শিশু সাপরিনা জান্নাত মাহিরার সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বেলা সাড়ে ১১টার দিকে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুটির চাচা রোমানকে আটক করেছে পুলিশ।