
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর স্বপন পাল নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ছুন্নত আলী জামে মসজিদসংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। নিহত স্বপন পাল ওই ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন পালের ছেলে।
স্থানীয়দের তথ্যমতে, চিত্তরঞ্জন পালের ছেলে স্বপন পাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার সকালে তিনি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয় লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু প্রাথমিকভাবে তারা ব্যর্থ হন। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে পুকুর থেকে স্বপন পালের লাশ উদ্ধার করে।
কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, মানসিক ভারসাম্যহীন স্বপন পাল গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে ডুবুরি দলের সহায়তায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।