
চট্টগ্রামের পটিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় গরু চুরি রোধে পুলিশের টহল বাড়ানোর দাবির দিন রাতেই খোদ দাবি জানানো বীর মুক্তিযোদ্ধার এলাকায় তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন ৫ নম্বর ওয়ার্ডে কৃষক মহিউদ্দীন টিপুর গোয়ালঘর থেকে গত ১৩ এপ্রিল সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকা। একদিনের ব্যবধানে পটিয়ায় মোট ৬টি গরু চুরির ঘটনায় খামারিরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পটিয়ার বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ গরু চোর চক্র সক্রিয়। সুযোগ পেলেই খামারি বা কৃষকদের হাত-পা বেঁধে কিংবা ঘরে তালা লাগিয়ে গরু লুট করছে তারা। এক সপ্তাহের মধ্যে উপজেলার ভাটিখাইনের করল গ্রামের আল-মারুয়া খামার থেকে দুটি মহিষ এবং গত রোববার রাতে পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের বাকখালী এলাকা থেকে গাজী মামুনের তিনটি গরু চুরি হয়েছে।
সোমবার রাতের চুরির বিষয়ে ভুক্তভোগী কৃষক মো. মহিউদ্দীন টিপু জানান, প্রতিদিনের মতো পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে চোরের দল তাদের ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে গোয়ালঘরে ঢুকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। বাইরে তালা থাকায় কেউ বের হয়ে বাধা দিতে পারেননি বলে জানান কৃষক মহিউদ্দীন টিপু।
কাকতালীয়ভাবে সোমবারই পটিয়া উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ গরু চুরি রোধে পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানিয়েছিলেন। কিন্তু ওই দিন রাতেই বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের নিজ এলাকায় চুরির ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল জানান, সভায় গরু চুরি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল। তবে একই রাতে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের এলাকায় চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল।
এ বিষয়ে জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ওসি জিয়াউল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এসআই আকতার হোসেন নিশ্চিত করেছেন।